কচুয়া (চাঁদপুর) | ৭ জুলাই ২০২৬: চাঁদপুরের কচুয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে গত ৬ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কচুয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কড়াইয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কড়াইয়া গ্রামের মকবুল মাঝির বাড়ির সামনে পাকা রাস্তা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ফয়সাল (২৬)-কে আটক করেন। তিনি কড়াইয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে।

আটকের পর তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১৬ এবং জিআর নম্বর-২৬২।

থানা সূত্রে জানা গেছে, ৭ জুলাই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ধৃত আসামিকে কঠোর পুলিশ পাহারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।