ঠাকুরগাঁও | ৫ জুলাই ২০২৬ : ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নত জাতের ধান চাষে উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামে বাংলাদেশ পল্লী ফেডারেশনের উদ্যোগে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেল ৪টায় ভোমরাদহস্থ বাংলাদেশ পল্লী ফেডারেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকার অনুমোদিত উন্নত জাতের আমন ধানের বীজ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “যারা যোগায় ক্ষুধার অন্ন, সর্বদা আমরা আছি তাদের জন্য।” আয়োজকদের মতে, দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা এবং দরিদ্র কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে প্রতি বছর বিনামূল্যে উন্নতমানের ধান বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলাদেশ পল্লী ফেডারেশনের নির্বাহী পরিচালক, সাংবাদিক ও কবি মো. আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা। এছাড়াও সংগঠনের সদস্য পশীন চন্দ্র, মাহাদি আবরার সিয়ামসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে সরকার অনুমোদিত উচ্চ ফলনশীল আমন ধানের ‘১০৩’‘১০৯’ জাতের বীজ বিতরণ করা হয়। পাশাপাশি এসব জাতের বৈশিষ্ট্য, ফলনক্ষমতা, রোগবালাই সহনশীলতা, বীজতলা প্রস্তুত, রোপণ, সার ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পল্লী ফেডারেশনের নির্বাহী পরিচালক মো. আরফান আলী বলেন, উন্নতমানের বীজ ব্যবহার ছাড়া কাঙ্ক্ষিত উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। কৃষকদের আধুনিক প্রযুক্তি, সঠিক পরিচর্যা ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করে অধিক ফলন অর্জনের আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা বলেন, বাংলাদেশ পল্লী ফেডারেশনের মতো জনহিতকর সংগঠন কৃষকদের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় কৃষকরা বিনামূল্যে উন্নত জাতের বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কৃষিবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।