কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় উখিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতারের সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ এলাকার রাজনৈতিক নেতা শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ.টি.এম. কাওসার আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের তালিকা যাচাই-বাছাই করে ১০০ জনকে নির্বাচন করা হয়েছে। প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি নির্দেশনা ও বরাদ্দ অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উপকারভোগীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে বলেন, জনগণের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে। তিনি সবাইকে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত ১০০ জন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।