যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে ৪৯ বিজিবি।
শনিবার (৪ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ২৬টি শাড়ি এবং ৬৪৫টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সংঘবদ্ধ চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় যশোর সীমান্তে নিয়মিত অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।