পিকেএসএফের (PKSF) কমিউনিটি-লেড কম্পিটেন্স অ্যান্ড প্লেসমেন্ট (CCP) প্রকল্পের আওতায় পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।
শনিবার (৪ জুলাই) সকালে লালমনিরহাটের বানভাসায় অবস্থিত ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ক্লাস পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রশিক্ষণের মান, পাঠ্যবিষয় এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
বিশেষ করে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, অটোমেকানিক্স এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, আগ্রহ ও দক্ষতা অর্জনের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “সরকার দেশের যুবসমাজকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। পিকেএসএফের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
তিনি আরও বলেন, “লালমনিরহাটের মতো প্রান্তিক এলাকায় এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করায় পিকেএসএফ ও সহযোগী সংস্থা ইএসডিওকে ধন্যবাদ জানাই। স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি হলে শিল্প খাতের দক্ষ কর্মীর চাহিদা পূরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিকেএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইএসডিওর নির্বাহী পরিচালক, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মাদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, পিকেএসএফ দেশের সুবিধাবঞ্চিত ও কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জেলায় কমিউনিটি-লেড কম্পিটেন্স অ্যান্ড প্লেসমেন্ট (CCP) প্রকল্পের আওতায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।