মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে সংঘটিত চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত মূল হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পিবিআই মৌলভীবাজার জেলা।

শনিবার (৪ জুলাই) দুপুর ২টায় পিবিআই মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন (পিপিএম-সেবা) এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২২ জুন বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে রেহেনা বেগম (৫১) ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে আলীনগর চা বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালীমন্দির এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ টাকা ও চেক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ২৩ জুন ভুক্তভোগী কমলগঞ্জ থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআই মৌলভীবাজার ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্ত সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’-কে শনাক্ত করে। পরে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা ভুক্তভোগী শনাক্ত করেছেন।

পুলিশ সুপার মো. জাফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আলোচিত ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পিবিআই জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।