মদন, নেত্রকোণা | ৩ জুলাই ২০২৬: নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে শুক্রবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে হাওরের উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার দেশের উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য সংরক্ষণ ও ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, ‘জাল যার, জল তার’ নীতির আলোকে হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ইজারা ব্যবস্থার কারণে প্রকৃত জেলেরা বঞ্চিত হয়েছেন। সরকার সেই বৈষম্য দূর করে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। হাওরের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের উৎপাদন বাড়াতে নিয়মিত পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। একই সঙ্গে তিনি স্থানীয় জেলেদের অন্তত পাঁচ মাস মা মাছ ও পোনা মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এ সময় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, হাওরাঞ্চলের যোগাযোগ অবকাঠামোর পাশাপাশি কৃষি ও মৎস্য খাতের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, মোহনগঞ্জ থেকে আটপাড়া, মদন, কেন্দুয়া হয়ে আঠারবাড়ি পর্যন্ত রেললাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওরাঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
অনুষ্ঠানের আয়োজক ও উদ্বোধক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, হাওরাঞ্চলের কৃষি, মৎস্য ও মানুষের জীবন-জীবিকার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান। তাঁর মতে, পোনা মাছ সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে হাওরে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং জেলেদের আয়ও বাড়বে।
মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম
তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. খালেদ কনক। তারা টেকসই মৎস্য ব্যবস্থাপনা, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় মৎস্যজীবী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা হাওরের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। স্থানীয় মৎস্যজীবীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত পোনা মাছ অবমুক্তকরণ, জলাশয় সংরক্ষণ এবং প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করা গেলে হাওরাঞ্চলের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।