কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনের পরীক্ষায় বোর্ডজুড়ে ১ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯৩টি পরীক্ষাকেন্দ্রে মোট ৭৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ হাজার ৪৭৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭৯৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৪২ শতাংশ।
জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—
কুমিল্লা: ৫৮৬ জন
নোয়াখালী: ৪০১ জন
ব্রাহ্মণবাড়িয়া: ২৩৯ জন
চাঁদপুর: ২৩৭ জন
লক্ষ্মীপুর: ১৮৯ জন
ফেনী: ১৪৩ জন
এদিকে, প্রথম দিনের পরীক্ষায় নোয়াখালীর একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। সার্বিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা বজায় রাখা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত কেন্দ্র পরিদর্শন করেন, ফলে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।