সিলেট, বিশ্বনাথ | ২ জুলাই ২০২৬: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধলিপাড়া গ্রামে সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ (Seeds of Sadaqah)-এর উদ্যোগে নির্মিত ৪৮৮ ও ৫৩০ নম্বর দুটি শেল্টার প্রজেক্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গৃহহীন ও অসহায় দুই পরিবারের জন্য নির্মিত এই আবাসন প্রকল্প স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বুধবার (২ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুন নুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশ্বনাথ-ওসমানীনগর নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সমাজসেবী রজব আলী, মিয়া মোহাম্মদ সাহেদ, হোসাইন আহমেদ এবং কফিল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে সিডস অব সাদাকাহ’র সুপারভাইজার হাবিবুর রহমান আবিদ, সুলতান আহমদ, আতাউর রহমান, জাহাঙ্গীর আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা মানবিক দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে শিক্ষা, আবাসন, মানবিক সহায়তা এবং বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, ধলিপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবারের জন্য নির্মিত এই দুটি শেল্টার শুধু একটি বসবাসের স্থান নয়, বরং তাদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ৪৮৮ ও ৫৩০ নম্বর শেল্টার প্রজেক্ট উদ্বোধন করেন। পরে উপকারভোগী পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।