ঠাকুরগাঁও, পীরগঞ্জ | ২ জুলাই ২০২৬ :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ১৯টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার সাপ্তাহিক নসিবগঞ্জ হাটে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকার বাসিন্দা মো. আলী আকবর এবং পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মুসলিম উদ্দীনের কাছ থেকে ১৯টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। পরে জব্দ করা কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নদী, খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে অবৈধ জাল ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি জেলেদের আইন মেনে মাছ আহরণের আহ্বান জানান।
মৎস্য সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারেন্ট জাল নির্বিচারে ব্যবহার করলে ছোট মাছ ও ডিমওয়ালা মাছ ধ্বংস হয়ে যায়, যা দেশীয় মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।