লক্ষ্মীপুর | ২ জুলাই ২০২৬ : বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে ফগার মেশিন কাঁধে নিয়ে মশকনিধন কার্যক্রমের সূচনা করেন সংসদ সদস্য, যা উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গঠনে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা অত্যন্ত জরুরি।
তিনি উপজেলার প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় নিয়মিত মশকনিধন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন এবং নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকল নাগরিকের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও কাজী আতিকুর রহমান বলেন, রামগঞ্জ উপজেলাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত ফগিং কার্যক্রম এবং বর্জ্য অপসারণ অব্যাহত থাকবে। তবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ উদ্যোগের পূর্ণ সফলতা সম্ভব নয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা ফগার মেশিন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করেন। পরে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও জনসমাগমস্থলে মশকনিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে এমন কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।