গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন খান কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের শহীদ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলাউদ্দিন খান ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় রাস্তার এক পাশ থেকে অন্য পাশে পার হওয়ার সময় দ্রুতগতির একটি পর্যটক পরিবহনের বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পলাতক চালক ও সহকারীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।