চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) রবিউল হোসেন, এএসআই (নিরস্ত্র) মেজবাহ উদ্দিন, এএসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিনসহ একটি চৌকস আভিযানিক দল ১ জুলাই ২০২৬ রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত আকবরশাহ থানার ইস্পাহানী সি গেট এবং পাহাড়তলী থানার নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আকবরশাহ থানার মামলা নং-৪০, তারিখ ২৮ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০/৪২৭-এর চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন তাকবির হোসেন রিয়াদ (২৫), নুরুন্নবী (২২), রাকিব হোসেন (২৪) এবং ইউনুস হৃদয় ওরফে বড় বাচা (৪৮)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
আকবরশাহ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। চোর চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিএমপি জানিয়েছে, নগরীতে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।