চট্টগ্রাম | ১ জুলাই ২০২৬: চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বহুল আলোচিত পাঁচ বছর বয়সী শিশু জায়হান হত্যা মামলার প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহা (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) তিন দিনের রিমান্ড শেষে পটিয়া থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। পরে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় হত্যাকাণ্ডের পরিকল্পনা, অপহরণের নাটক এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ঘটনাটি সাজানো হয়েছিল বলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।”
তিনি আরও জানান, আদালতে জবানবন্দি শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শিশু জায়হান হত্যাকাণ্ডের ঘটনায় পটিয়াসহ পুরো চট্টগ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত রহস্য আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।