রাঙ্গাবালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের জাহাজমারা সৈকত সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে তৈরি করা দুটি মাছের ঘের উচ্ছেদ করেছে প্রশাসন।
শনিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন জানায়, অভিযানে মোট ১৪ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জলমহালভুক্ত এলাকায় প্রায় ১০ একর জমি অবৈধভাবে দখল করে ঘের তৈরি করেছিলেন স্থানীয় জাকির ভূইয়া। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার ঘেরের বাঁধ কেটে পানির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা হয়।
এ ছাড়া ইব্রাহীম মাহমুদ লিকন নামে আরেক ব্যক্তির দখলে থাকা ৪ একর সরকারি খাস জমিতে তৈরি ঘেরও উচ্ছেদ করা হয়। অভিযানের সময় তাকে না পেলেও একটি উল্কা ও দুই সেট মাছ ধরার জাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ বলেন,
> “সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে ও জলমহালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”