চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট | ৩০ জুন ২০২৬: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মঙ্গলবার (৩০ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় মোবাইলগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের মাগুড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় মোবাইল ফোনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১৩৩টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দ করা মোবাইলগুলো আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক অভিযান অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান সীমান্তপথে অবৈধ পণ্য পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।