কিশোরগঞ্জ | ২৯ জুন ২০২৬: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়। ‘বাংলাদেশে পুষ্টি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন ও সহনশীলতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (PARTNER)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউছার মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন সানি, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক এবং কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, গবেষণা, উদ্ভাবন এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে রূপান্তর করা সম্ভব। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি/IFAD)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত পার্টনার (PARTNER) প্রকল্প প্রান্তিক কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা হলরুম প্রাঙ্গণে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল এবং বিষমুক্ত সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় সফল কৃষক ও উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময় করে আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে কটিয়াদীর কৃষি উন্নয়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।