চাঁপাইনবাবগঞ্জ | ২৯ জুন ২০২৬: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’।
সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” (একটি শিশু, একটি গাছ)। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা। তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রকৌশলী ও শিক্ষার্থীর অভিভাবক মো. আব্দুল ওয়াহিদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ রানা ও মো. শফিউল আজম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অভিভাবক মো. নাসির উদ্দীন, সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এবং ভবিষ্যতে এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব গ্রহণের অঙ্গীকার করে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানবজাতিকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং একটি করে গাছের দায়িত্ব নেওয়ার মানসিকতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে একটি সচেতনতামূলক র্যালিতে অংশ নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন পরিবেশবান্ধব উদ্যোগকে স্থানীয় অভিভাবক, সচেতন নাগরিক ও পরিবেশপ্রেমীরা সাধুবাদ জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।