রাউজান (চট্টগ্রাম) | ২৯ জুন ২০২৬: চট্টগ্রামের রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া ৮ নম্বর ওয়ার্ডের জলিলনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে ভক্তিময় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, সমবেত প্রার্থনা, রাজভোগ নিবেদন, ভোগ আরতি, হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

স্নানযাত্রা উপলক্ষে রাউজানসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত, পূণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা সেবাশ্রমে সমবেত হন। দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সেবাশ্রম প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ভক্তরা পূজা-অর্চনা, প্রার্থনা ও প্রসাদ গ্রহণের মাধ্যমে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ জুলাই ২০২৬ শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা এবং ২৪ জুলাই ২০২৬ রথ-পুনঃযাত্রা (উল্টো রথ) অনুষ্ঠিত হবে। এসব ধর্মীয় অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দিলীপ কুমার চক্রবর্তী, সহ-সভাপতি কাজল বোস, অশোক পালিত ও ধীলন কুমার মুহুরী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ শীল।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ স্বপন চৌধুরী, গৌরাঙ্গ পালিত, দিপুল দে, চন্দ্র শেখর দে, রণজিত শীল, সনজিত মজুমদার, শংকর দে, দিবাকর বোস, রাজীব দে, নিলয় দে, টিটু চক্রবর্তী, সুব্রত মল্লিক, কাঞ্চন দে, অমিত শর্মা, অনি দে, সুদীপ দে, জয়ন্ত দে-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ভক্ত ও পূণ্যার্থী।

উল্লেখ্য, স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। রথযাত্রার পূর্বে এই দিনে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ১০৮ কলস পবিত্র জল দিয়ে স্নান করানোর ঐতিহ্য রয়েছে। এই ধর্মীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে এবং প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।