রংপুর | ২৯ জুন ২০২৬: লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে শিমুলবাড়ী বিওপির আওতাধীন বানিয়াটারী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিমুলবাড়ী বিওপির একটি বিশেষ টহলদল বানিয়াটারী এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৬ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪৯ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার ৩৫০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির ধারাবাহিক অভিযান সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।