কিশোরগঞ্জ, কটিয়াদী | ২৫ জুন ২০২৬ : গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা শাখার উদ্যোগে কটিয়াদী পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মাঝে মহাসমাবেশের লিফলেট বিতরণ করেন এবং সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান জনদুর্ভোগ নিরসন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ২৭ জুনের ময়মনসিংহ মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমীর সাইদুল হক (বিএসসি), উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, কটিয়াদী পৌর জামায়াতের আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, আফজাল হোসেন জুয়েলসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এসময় নেতৃবৃন্দ কটিয়াদী বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে মহাসমাবেশের প্রচারপত্র তুলে দেন এবং কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন মহাসমাবেশকে ঘিরে কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের দাবিদাওয়া জনগণের কাছে তুলে ধরছে।