চাঁপাইনবাবগঞ্জ | ২৪ জুন ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ বোতল নিষিদ্ধ এস্কাফ (Eskuf) সিরাপ উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৪ জুন) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার উত্তর সাকুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জুয়েল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর সাকুপাড়া গ্রামের মৃত ওবায়দুর রহমান ও মৃত আমেনা বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জুয়েলের হেফাজত থেকে ১০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে নাচোল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানের প্রশংসা করে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।