চট্টগ্রাম | ২৪ জুন ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় মাদক মামলায় আদালতের রায়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে পটিয়া থানার একটি মাদকদ্রব্য মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জয়নাল আবেদীন রাশেদকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত জয়নাল আবেদীন রাশেদের বিরুদ্ধে পটিয়া থানায় দায়েরকৃত একটি মাদকদ্রব্য মামলায় আদালত ২০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে। আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।