গোপালগঞ্জ | ২৪ জুন ২০২৬ : দেশে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধের দাবিতে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি লেনিন শিকদারের নেতৃত্বে পাঁচুরিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়াও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল খায়ের, আজিজুর রহমান বেনা, অ্যাডভোকেট তৌফিক ইসলাম, ফজলুল কবির, রিয়াজউদ্দিন লিপ্টন এবং জিয়াউল কবির বিপ্লব।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যকর পরিস্থিতির সমালোচনা করেন। তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে হলে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে এলাকায় রাজনৈতিক কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।