নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় মোট পাঁচ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে সাংবাদিকদের তিনি জানান, “আমরা শুনেছি অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে, যেন উদ্ধারকাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়।”
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ৩৭টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দর এলাকায় অপ্রয়োজনে ভিড় না করার আহ্বান জানিয়েছে।
অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।