মানিকগঞ্জ | ২১ জুন ২০২৬:  “কার্বন নিঃসরণ কম করি, পরিবেশবান্ধব চুলা ব্যবহার করি” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের বেতিলা-মিতরা ইউনিয়নের আউটপাড়ায় পরিবেশবান্ধব চুলার মেলা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিক (BARCIK) এবং গ্রিন কোয়ালিশনের সহযোগিতায় আউটপাড়া কৃষক-কৃষাণী সংগঠনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
রবিবার (২১ জুন) অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন বেতিলা-মিতরা ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি মোঃ মনসুর আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারসিক মানিকগঞ্জের সহযোগী সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, গবেষক বিল্লাল হোসেন, সুব্রত সরকার এবং মোঃ ইউসুফ আলী।

মেলায় পরিবেশবান্ধব চুলার বিভিন্ন আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী মডেল প্রদর্শন করা হয়। একই সঙ্গে কৃষক-কৃষাণী ও স্থানীয় জনগণের মধ্যে এসব চুলার ব্যবহারিক সুবিধা, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষায় এর ভূমিকা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, পরিবেশবান্ধব চুলা ব্যবহারের ফলে কাঠ ও অন্যান্য জ্বালানির ব্যবহার কমে যায়, রান্নার সময় ধোঁয়া কম উৎপন্ন হয় এবং কার্বন নিঃসরণ হ্রাস পায়। এর ফলে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক অবদান রাখা সম্ভব।

আলোচনায় অংশগ্রহণকারীরা দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ, জ্বালানি সাশ্রয় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পরিবেশবান্ধব চুলার ব্যবহার বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।