কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অমিমাংসিত জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবকদল নেতাসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বুরুয়াবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক হাবিব ফকিরের ছেলে ছামিউল ফকির (১৮), হাবিব ফকির (৫২), চায়না বেগম (৪৪), হেমায়েত ফকির (৫২), সামসুন্নাহার (৪৪) ও সজিব ফকির (২২)।
এর মধ্যে হাবিব ফকির, চায়না বেগম, হেমায়েত ফকির ও সামসুন্নাহারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত হাবিব ফকির ও হেমায়েত ফকির চাচা-ভাতিজা। পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ দরবার হলেও সমাধান হয়নি।
শনিবার সকালে হাবিব ফকির পুরনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিলে হেমায়েত ফকির ও তার স্ত্রী বাঁধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং ছয়জন আহত হন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”