চুয়াডাঙ্গা, ২১ জুন ২০২৬: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিস্ফোরকদ্রব্য আইনের মামলার এক আসামী এবং মাদক মামলার এক আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে। রবিবার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দর্শনা শ্যামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ প্রভাত আলম (৩২) এবং দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন টাওয়ারপাড়ার শাহজাহানের ছেলে মোঃ ওয়াসিম হোসেন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রভাত আলমের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। অপরদিকে, ওয়াসিম হোসেনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রবিবারই চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, “চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধমুক্ত দর্শনা গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন।