ঝালকাঠি | ২০ জুন ২০২৬ : ঝালকাঠিতে জমি দখল ও গাছ কাটাকে কেন্দ্র করে এক দম্পতির ওপর হামলা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কবির মোল্লা ও তার স্ত্রী সুবর্ণা আক্তার লিপি। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী কবির মোল্লার অভিযোগ, গত ১৯ জুন সকাল আনুমানিক ৮টার দিকে তার চাচা আফজাল মোল্লার মালিকানাধীন জমি দখল করে সেখানে থাকা গাছ বিক্রি করছিলেন শিমুল তালুকদার। বিষয়টি জানতে পেরে তিনি ও তার স্ত্রী ঘটনাস্থলে গেলে পূর্বপরিকল্পিতভাবে শিমুল তালুকদার, তার দুই বোন শিল্পী ও কাজলী এবং তাদের মা তাদের ওপর হামলা চালান।
অভিযোগে বলা হয়, হামলার একপর্যায়ে শিমুল তালুকদার ধারালো অস্ত্র দিয়ে কবির মোল্লার ঘাড়ে কোপ দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে স্ত্রী সুবর্ণা আক্তার লিপির হাতে কোপ লাগে। এতে তার হাত গুরুতরভাবে জখম হয়।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
কবির মোল্লা আরও অভিযোগ করেন, হামলার সময় তার সঙ্গে থাকা নগদ ২ লাখ টাকা এবং তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। তিনি দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও একই জমি দখলের চেষ্টা এবং প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিমুল তালুকদার ও অন্যদের বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জমি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি না হওয়ায় এমন সংঘাতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তারা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।