মানিকগঞ্জ | ২০ জুন ২০২৬ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আলিফ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ’।

সূর্যোদয় একতা যুব সংঘের উদ্যোগে এবং নিউ ফাইভ স্টার প্রিন্টিং প্রেসের প্রোপাইটর মোঃ লাল মিয়া ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ফুটবল ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাটগ্রাম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে দর্শকরা মাঠে ভিড় করেন। পুরো মাঠজুড়ে ছিল আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, ধূলশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এবং বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা দল ২-১ গোলে ব্রাজিলকে পরাজিত করে জয় লাভ করে। ম্যাচের প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও করতালি মাঠকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। স্থানীয়রা এ আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।