জয়পুরহাট | ২১ জুন ২০২৬ : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১১টায় উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর গ্রামে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। গণগ্রন্থাগার অধিদপ্তর, শাহবাগ, ঢাকার অর্থায়নে এবং স্থানীয় সামাজিক সংগঠন ‘সোনালী সংঘ’-এর উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস। তিনি বলেন, “বৃক্ষ পরিবেশের অকৃত্রিম বন্ধু। পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন সোনালী সংঘের নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান, গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, আবির, মোহন, ফিরোজ, পলাশ, সঞ্জয়, রাকিবুল ও শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, সোনাপুর নোড়াল গুচ্ছ গ্রাম থেকে সাওতালপাড়া মোড় পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৫০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।