মানিকগঞ্জ | ২০ জুন ২০২৬ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার চালিতাবাড়ী গ্রামে মোঃ হাসেম আলীর ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১৩ জন আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে উপজেলার চালিতাবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ হাসেম আলীর ওপর একদল ব্যক্তি হামলা চালায়। হামলার সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ শিবালয় থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযানে নেমে সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ রফিকুল ইসলাম রফিক (৩৫), পাবেল বেপারী (৩০), আকিব বেপারী (২৪), নাইম শেখ (২৮), মিন্টু বেপারী (৪০), বাসসা বেপারী (৫৫) এবং রওনক মোল্লা (১৯)।
পুলিশ জানায়, মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, মারধর এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিবালয় থানা পুলিশের এক কর্মকর্তা জানান, হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।