কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত মহাসমাবেশ পরিণত হয়েছে জনসমুদ্রে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ মহাসমাবেশে কুমিল্লা নগরীর পূবালী চত্বর উপচে পড়ে হাজারো মানুষের উপস্থিতিতে।

পূবালী চত্বর থেকে শুরু করে লিবার্টি চত্বর, রানীরবাজার, পুলিশ লাইন, রাজগঞ্জ ও টমছম ব্রিজ পর্যন্ত ছড়িয়ে পড়ে মানুষের ঢল। দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেন এই ঐতিহাসিক সমাবেশে।

প্রত্যেকের হাতে ছিল “কুমিল্লা নামে বিভাগ চাই” লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা। স্লোগান ছিল— “কুমিল্লার নামেই বিভাগ চাই” ও “তুমি কে, আমি কে, কুমিল্লা কুমিল্লা”— যা প্রকম্পিত করে তোলে পুরো নগরী।

এই দাবির প্রতি সমর্থন জানিয়ে কুমিল্লা দোকান মালিক ফেডারেশন এক ব্যতিক্রমী কর্মসূচির অংশ হিসেবে মহানগরের সব ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও শপিংমল প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ রাখে। ব্যবসায়ী থেকে শ্রমিক, নারী-পুরুষ ও শিশু—সবাই সমাবেশে যোগ দিয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে কণ্ঠ মিলান।

প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের উপস্থিতিতে পূবালী চত্বর রূপ নেয় এক জনসমুদ্রে। সমাবেশে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর সমিতিসহ কুমিল্লার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কুমিল্লাবাসীর প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়িত হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল আহমেদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা মুন্নীরুল ইসলাম কাসেমী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া।