স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম–এর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক মেহেদী হাসান-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) গাজীপুরের গাছা থানা এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বগুড়ায় নিয়ে যাওয়া হয় বলে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান নিশ্চিত করেছেন।
এর আগে গত (১৫ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত হিসেবে আরও রয়েছেন বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস।
মামলার আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বাদী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম–এর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।