চাঁদপুর, কচুয়া | ১৮ জুন ২০২৬ : চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোহাম্মদ ফাত্তার মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১টা ২৫ মিনিটে অভিযান চালান।
গোপন সংবাদের ভিত্তিতে আশ্রাফপুর ইউনিয়নের কলাওয়ালা বাড়ির পাশে জসিমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালোচৌ মজুমদার বাড়ির বাসিন্দা মো. মেহেদী হাসান (২৮), ওরফে মেহেদীকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি ও হেফাজত থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী কচুয়া থানায় মামলা নং-৪ রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন ধারাবাহিক অভিযান স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানা গেছে।