আলফাডাঙ্গা, ফরিদপুর | ১৮ জুন ২০২৬:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্যা চার কন্যা সন্তানের জনক ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তিনি স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর রাতে বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, পরে বাবুল মোল্যাও তাদের সঙ্গে যোগ দেন।
আগুন নেভানোর একপর্যায়ে একটি দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বাবুল মোল্যাসহ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ আরও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিনির্বাপণের সময় দোকানের ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।