কুমিল্লা | ১৮ জুন ২০২৬: দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা জরুরি।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।