সিলেট | ১৮ জুন ২০২৬ : দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সম্পাদক, বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা কথিত হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় সিলেট মহানগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট এলাকায় স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। তারা অভিযোগ করেন, দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে দেশের সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে জুলুম-নির্যাতন ও হয়রানি বন্ধ না হলে এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান ফয়জুল হক শিমুল, সিনিয়র সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুনির্মল সেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান, দৈনিক আইন বার্তার সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক মো. নুরুল আমীন খান, দৈনিক মাতৃজগতের সিলেট নগর প্রতিনিধি মো. সোহাগ মিয়া, শিহাব উদ্দিন, আশিক উদ্দিন, স্বপন মালাকার শিবা, রুবেল মিয়া, ফারুক মিয়া, এস.এ. সাব্বির খান, মহিউদ্দিন জুয়েলসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।