শিবচর, মাদারীপুর | ১৭ জুন ২০২৬: মাদারীপুরের শিবচর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে একটি আইসক্রিম কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং সাত দিনের মধ্যে উৎপাদন ব্যবস্থা ও পরিবেশ মানসম্মত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বন্দরখোলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘পপুলার আইসক্রিম’ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় কারখানার ভেতরে শিশুদের জন্য বাজারজাতকৃত বেশ কিছু মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়। পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহারের অভিযোগও উঠে আসে।
পরিদর্শনের সময় খাদ্য উৎপাদন ও সংরক্ষণে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তদন্তে আরও জানা যায়, একই স্থাপনায় ২০২৩ সালের জুন মাসে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন খাবার স্যালাইন, বিএসটিআই অনুমোদনবিহীন খাদ্যপণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতকৃত বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করেছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য উৎপাদনের কোনো সুযোগ নেই। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং সাত দিনের মধ্যে সব অনিয়ম দূর করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে।”
তিনি আরও জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।