কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় হাজী বাড়ী তরুণ তেজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘হাজী বাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ (সিজন–১)’ এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে হাজী বাড়ী মসজিদ মাঠ সংলগ্ন স্থানে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাস। ফাইনাল খেলায় অংশ নেয় আর.কে ব্লাস্টার ও রেড হর্স দল। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই দলই দারুণ খেলা উপহার দেয়, যা দর্শকদের মুগ্ধ করে তোলে।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ সামছুল আলম সরকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইসহাক আলী মাতাব্বর।
এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান।
খেলার শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের মধ্যে ফুটবলের প্রতি নতুন উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজক কমিটির সদস্যরা।