কুমিল্লা | ১৭ জুন ২০২৬ : কুমিল্লার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বুধবার (১৭ জুন) ভোররাতে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ শাড়ি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত এলাকা থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নিমসার বাজার এলাকায় সন্দেহজনক অবস্থায় পরিত্যক্ত কয়েকটি বস্তা ও প্যাকেট দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজিবির এক কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় সীমান্তজুড়ে চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির এমন ধারাবাহিক অভিযান স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সীমান্তভিত্তিক চোরাচালান কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।