নবীগঞ্জ, হবিগঞ্জ | ১৭ জুন ২০২৬: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
অভিযান চলাকালে একটি নীল রঙের কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা দুই ব্যক্তি র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক ধাওয়া করে তাদের আটক করা হয়।
পরবর্তীতে কাভার্ডভ্যানটি তল্লাশি করে পাঁচটি বস্তার ভেতরে নীল পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বরগুনা সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামের জালাল খলিফার পুত্র মো. রুহুল আমিন (৩৪) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মো. মাজেদুর রহমান (৪১)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল র্যাবের এ অভিযানের প্রশংসা করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।