সিলেট, বিশ্বনাথ | ১৭ জুন ২০২৬ : সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকদের হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যে তিনটি সাংবাদিক সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে পৌর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় অংশ নেয় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অপসাংবাদিকতা দূরীকরণ, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানি বন্ধ এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিন সংগঠন একযোগে কাজ করবে।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি এম. আর টুনু তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, মাজহারুল ইসলাম সাব্বির, আফজাল মিয়া, কামরুল হাসান, হাবিবুর রহমান ও আব্দুল্লাহ।

সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।