নোয়াখালী | ১৬ জুন ২০২৬: ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসা সেবা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলায় চরম অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিকভাবে ক্লোজড (প্রত্যাহার) করা হয়।

পরবর্তীতে নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে মন্ত্রী নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছে সরাসরি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার যাচাই করেন। এ সময় বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা দেরিতে উপস্থিত থাকায় অনিয়ম ধরা পড়ে।

পরিদর্শনকালে মন্ত্রী জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। রোগী ও স্বজনদের কাছ থেকে দালালচক্র, নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেবার বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ শোনেন তিনি। এসব অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে। হাসপাতালের দায়িত্বশীল কর্তৃপক্ষের ব্যর্থতার কারণেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

পরিদর্শনের শেষ পর্যায়ে কিছু কর্মচারী তত্ত্বাবধায়কের প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ করে। এ সময় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সাধারণ রোগী ও তাদের স্বজনরা মন্ত্রীর এই হঠাৎ অভিযানকে স্বাগত জানিয়ে হাসপাতাল সেবার মানোন্নয়নে স্থায়ী সমাধানের দাবি জানান।