ঝালকাঠী | ১৬ জুন ২০২৬ : ঝালকাঠী সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসানের সঙ্গে রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সদস্যদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) রাত ৮টায় রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদর থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা এবং সাংবাদিক-পুলিশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিক ও পুলিশের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

এছাড়া সামাজিক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়।

নবাগত ওসি মো. মাহমুদ হাসান বলেন, “আমি সাংবাদিকবান্ধব মানুষ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝালকাঠী সদর থানাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকায় পরিণত করতে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং সেবামূলক পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে থানা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করবে।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।