কোটালীপাড়া, গোপালগঞ্জ | ১৫ জুন ২০২৬ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ইকবাল সিকদারের বিরুদ্ধে। সোমবার (১৫ জুন) উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিল্পী বেগম তিন সন্তানের জননী। তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পারিবারিক সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন অজুহাতে শিল্পী বেগমের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তাঁর স্বামী ইকবাল সিকদার। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের ধারাবাহিকতায় গত রবিবার রাতে তাঁকে আবারও বেধড়ক মারধর করা হয়।

নিহতের ভাই ছারোয়ার কাজী জানান, নির্যাতনের একপর্যায়ে শিল্পী বেগম গুরুতর আহত হয়ে মারা যান। এরপর অভিযুক্ত স্বামী ইকবাল সিকদার মরদেহটি গোয়ালঘরে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত ইকবাল সিকদার পলাতক রয়েছেন। তবে তদন্তের স্বার্থে তাঁর বড় ভাই জাকির সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত শিল্পী বেগমের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। মায়ের অকাল মৃত্যুতে সন্তানরা অসহায় হয়ে পড়েছে। পরিবারটিতে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের দাবি, যৌতুকের মতো সামাজিক ব্যাধির কারণে আর কোনো পরিবার যেন এমন মর্মান্তিক ঘটনার শিকার না হয়, সেজন্য দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।