বর্তমান সরকারের ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া, বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার এ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। এসময় জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বন বিভাগের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের এই বৃহৎ উদ্যোগ দেশের পরিবেশ উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও জনসাধারণের অংশগ্রহণে পর্যায়ক্রমে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।