পীরগঞ্জ, ঠাকুরগাঁও | ১৩ জুন ২০২৬ : সারাদেশে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সার্বিক তত্ত্বাবধানে পীরগঞ্জ উপজেলা চত্বরে পুকুরপাড় সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

রোপণকৃত চারার মধ্যে ছিল নারিকেল, কাঁঠাল, আম, নিমসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে, পতিত জমিতে এবং অন্যান্য উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ আবাসভূমি নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি এর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ কর্মসূচিতে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এগুলো হলো ঠাকুরগাঁও সামাজিক বন অধিদপ্তর (এসএফপিসি), পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পীরগঞ্জ পৌরসভা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশফাকূল কবীর, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়ারিশ ইয়াজদানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, বনবিট কর্মকর্তা মহসিন আলী, এসএফপিসির মীর নজরুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা এবং পীরগঞ্জ উপজেলা আরজেএফের সাধারণ সম্পাদক কবি মো. আরফান আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।