কিশোরগঞ্জে শিক্ষাবৃত্তি ও মেধা মূল্যায়নের অংশ হিসেবে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ এর উদ্যোগে শনিবার সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তন–এ এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আবুল হাশেম বুলবুলের পরিচালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে একে একে অতিথিরা শিক্ষার গুরুত্ব, মেধা বিকাশ এবং প্রবাসী ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করার বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি)-এর কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক ড. এম আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লন্ডন দারুস সালাম একাডেমির প্রধান শিক্ষক ও দারুস সালাম মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ এরশাদ উল্লাহ। এছাড়া বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জের সহ-সভাপতি ও ইউনাইটেড কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মাসুদুর রহমান। কো-অর্ডিনেটর জোনায়েদ সাকিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আহসানুল হক জুয়েল, শিক্ষক ডালিম মাহমুদ অয়ন ও মোহাম্মদ মাসুম বিল্লাহসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মোট ১৩ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ, বই ও ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরা সম্মাননা গ্রহণ করে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, প্রবাসী ও স্থানীয় গুণীজনদের সম্মিলিত প্রচেষ্টা একটি মেধাভিত্তিক সমাজ গঠনে সহায়ক।