টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে সকল দলের সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সমাজসেবীদের উদ্যোগে আয়োজিত এ রোড শোতে বিভিন্ন বয়সী শত শত ফুটবলপ্রেমী অংশ নেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।
রোড শোটি গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পুরো আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের আবেগ ও সম্প্রীতির প্রতীক। খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করা এবং বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
রোড শো উদ্বোধনকালে বক্তারা বলেন, খেলাধুলা মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করে। দল ভিন্ন হলেও খেলাপ্রেম সবার মাঝে ঐক্যের বার্তা পৌঁছে দেয়।
রোড শো শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা খেলাকে কেবল প্রতিযোগিতা হিসেবে নয়, বরং বিনোদন, সামাজিক সম্প্রীতি ও তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, যুব সমাজ, শিক্ষার্থী এবং বিভিন্ন দলের সমর্থকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়।